বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বর্ণিল সাজ

আপডেট : ১৭ মার্চ ২০২১, ০০:২৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ণিল ও উজ্জ্বল সাজে সেজেছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। রাষ্ট্রীয় ও সরকারি ভবনের পাশাপাশি আলোকসজ্জিত হয়েছে অনেক বেসরকারি ভবনও। রাজধানী ঢাকার অভিজাত হোটেলগুলোতেও নানা সাজ ও আয়োজন। এ আলোকসজ্জা চলবে আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুর্বণজয়ন্তীর দিন পর্যন্ত।

রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, জাতীয় সংসদ, বঙ্গভবন, গণভবন, রাষ্ট্রীয় অতিথি ভবনগুলো, আদালত, সচিবালয়, বিদ্যুত্ ভবন, খাদ্য ভবন, শিক্ষা ভবন, সেচ ভবন, পানি ভবনসহ বিভিন্ন ভবন নানা সাজে আলোকিত করা হয়েছে। সরকারি-বেসরকারি অফিস থেকে শুরু করে অনেক সংগঠন, ক্লাব ও অভিজাত হোটেলগুলোও সেজেছে বর্ণিল আলোকসজ্জায়। সড়কের দু’পাশ ও মোড়ে মোড়ে আলোকসজ্জার পাশাপাশি অনেক স্থানে অস্থায়ী শিল্পকর্মও প্রদর্শন করা হচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজনে আসা অতিথিদের ছবি দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন সড়কের ল্যাম্পপোস্ট ও মোড়। জেলা পর্যায়ে পৌর সভা, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের ভবনসহ গুরুত্ব স্থাপনাগুলোতেও নানা রঙের আলোকসজ্জা করা হয়েছে।