কাভার্ড ভ্যানের চাকায় সদ্য এসআইয়ের স্বপ্নের মৃত্যু

আপডেট : ১৭ মার্চ ২০২১, ০০:২৬

পুলিশে এসআই হিসেবে যোগদান করা হলো না মিজানুর রহমানের। কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমানের স্বপ্নের মৃত্যু হয়। শিক্ষানবিশ এসআই কোর্স সম্পন্ন করে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় তার যোগদান করার নির্দেশ তৈরি হয়। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে নোয়াখালী জেলা পুলিশ লাইন্স থেকে তার আরেক সহকর্মী এসআই জাহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বেগমগঞ্জ থানার উদ্দেশে রওনা দেন। বেগমগঞ্জ থানা এলাকার চৌঙ্গারপুল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই জনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে তাদেরকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য অ্যাম্বুলেন্সে নেওয়ার সময় মিজানুর রহমানকে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। আহত জাহিদুল ইসলামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।