‘চাদর মুজিব’-এ নাসিম-অথৈ

আপডেট : ১৭ মার্চ ২০২১, ০৬:০৩

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই মহান নেতার জন্ম না হলে এই অঞ্চলের মানুষের স্বাধীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন ছিল অসম্ভব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ২০২০ সালের ১৭ই মার্চ থেকে ২০২১ সালের ১৭ই মার্চ পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে চ্যানেল আই থাকছে বেশকিছু অনুষ্ঠান।

দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচার হবে রাজু আলীমের প্রযোজনা ফ্রেশ-প্রিমিয়াম টি তারকা কথন-এর বিশেষ পর্ব। দুপুর ৩টা ৫ মিনিটে লাক্স মাঝ দুপুরের টেলিছবির আয়োজনে প্রচার হবে রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও পরিচালনায় বিশেষ টেলিছবি ‘চাদর মুজিব’। এতে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম, সাজু খাদেম, তাহমিনা অথৈ প্রমুখ।

রাত ১টায় এবং সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে জিল্লুর রহমানের উপস্থাপনা ও পরিচালনায় তৃতীয় মাত্রা বিশেষ পর্ব। সকাল ৭টা ৩০ মিনিটে রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সুরের ধারার পরিবেশনায় চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন গান দিয়ে শুরুতে প্রচার হবে বঙ্গবন্ধুর প্রিয় গান, সঙ্গে থাকছে আসাদুজ্জামান নূর এবং জয়ন্তু চট্টোপাধ্যায়ের আবৃত্তি। দুপুর ১২টা ৫ মিনিটে প্রচার হবে স্বরচিত কবিতা পাঠের আসর বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা।

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, উপস্থাপনা এবং পরিচালনায় বিশেষ অনুষ্ঠান বঙ্গবন্ধুর পরিবেশ ভাবনা। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজের নির্মাণে বিশেষ প্রামাণ্য প্রতিবেদন ‘মাটি ও মানুষের মহান নেতা’।

ইত্তেফাক/বিএএফ