আবুধাবি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান স্বেচ্ছাসেবী হিসেবে ইসরায়েলে ১২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চান। তথ্যটি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১৬ মার্চ) এ খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
গত সোমবার ইসরায়েলি আর্মি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মহামারি করোনাভাইরাসের পরবর্তী সময়ে ইসরায়েলের অর্থনীতি উন্নয়ন করতে পারে এমন প্রকল্পে অংশীদার হতে চায় আবুধাবি ক্রাউন প্রিন্স। তিনি নিজেই এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।
মিডল ইস্ট মনিটর জানিয়েছে, নেতানিয়াহুর এমন বিবৃতির পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত সপ্তাহের বৃহস্পতিবার পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফরে যাওয়ার কথা ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে।
জানা গেছে, জর্ডানের আকাশপথ ব্যবহার করে আমিরাত যাওয়ার কথা ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রীর। কিন্তু নেতানিয়াহুকে আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি আরব দেশটি। ফলে বাধ্য হয়ে সফর স্থগিত করতে হয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। পরবর্তীতে সুদান এবং মরক্কো তাদের পথ অনুসরণ করে। ওই চুক্তির পর এটাই ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রথম আমিরাত সফর হওয়ার কথা ছিল।
ইত্তেফাক/টিএ
