পশ্চিমবঙ্গের নির্বাচনের পর তিস্তা চুক্তির আশা সচিবের

আপডেট : ১৭ মার্চ ২০২১, ১৫:৫৯

পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন, ‘ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের মত পার্থক্যের কারণে তিস্তা চুক্তি আটকে আছে। তবে পশ্চিমবঙ্গের নির্বাচনের পর তিস্তা চুক্তি বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে ভারত।’ 

ভারতের সাথে পানিসম্পদ বিষয়ক সচিব পর্যায়ের বৈঠকের বিস্তারিত নিয়ে বুধবার (১৭ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 

কবির বিন আনোয়ার আরো বলেন, ‘২০১৯ সালের আগস্টে বাংলাদেশ-ভারতের সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। গত বছর ভারতীয় সচিবকে আমরা নিমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু করোনার কারণে আমরা এক বছর পিছিয়ে যাই। এই বৈঠকটি আবার আমাদের গতকাল নয়াদিল্লীতে অনুষ্ঠিত হয়েছে। তিস্তাসহ আমাদের সবগুলো অভিন্ন নদী নিয়ে আলোচনা হয়েছে। খুব পজিটিভ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

কবির বিন আনোয়ারের মতে, ‘তাদের পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচনের কারণে এই মুহূর্তে কোনো চুক্তি স্বাক্ষর বা পারস্পরিক সমঝোতা স্মারক স্বাক্ষর তারা করবে না, নির্বাচনের পর তারা করতে সক্ষম হবেন।’

ইত্তেফাক/এসআই