নতুন বই

আবদুল হক জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ বাংলা একাডেমি

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২০:১৩

প্রচ্ছদ ও গ্রন্থ নকশা:সব্যসাচী হাজরা

মূল্য:৭০০ টাকা

 

বাংলাদেশের বিশিষ্ট চিন্তাবিদ আবদুল হক। কথাসাহিত্য, নাটক, অনুবাদ প্রভৃতি সৃজনকর্মে উত্কর্ষ লাভ করলেও প্রাবন্ধিক হিসেবেই তিনি সমধিক পরিচিত। মুক্তবুদ্ধি ও উদারনৈতিক চেতনাধারার নানামাত্রিক সাহিত্য-সাধনায় তিনি খ্যাতি লাভ করেছিলেন। অপরিসীম নিষ্ঠা, অপরিমেয় জ্ঞানতৃষ্ণা ও চিন্তার উত্কর্ষ-সাধনায় উপনীত হয়েছিলেন সার্থকতার স্বর্ণদুয়ারে। বিশ শতকের চল্লিশের দশকে যে স্বল্পসংখ্যক চিন্তাবিদ রাষ্ট্রভাষা বাংলার পক্ষে বৃদ্ধিবৃত্তিক অবস্থান নিয়েছিলেন আবদুল হক তাঁদের অন্যতম। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও যুক্তিবাদী রাষ্ট্র-সমাজ-সংস্কৃতি বিনির্মাণে তাঁর চিন্তাধারা সমকালকে ছাড়িয়ে উত্তরকালের চিন্তাভুবনে যোগ করেছে নবতর মাত্রা। বাঙালি এই কৃতী মনীষীর জন্মশতবর্ষে বাংলা একাডেমি প্রকাশ করেছে ‘আবদুল হক জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ’।

আবদুল হকের নানামাত্রিক সৃজনকর্ম, চিন্তাভুবন ও বুদ্ধিবৃত্তিক ভূমিকার পরিচয় রয়েছে এ বইতে। তাঁর প্রবন্ধ, নাটক, ছোটগল্প-উপন্যাস, জীবনকথা-দিনলিপি, অনুবাদ বিষয়ে মূল্যায়ন ছাড়াও রয়েছে স্মৃতিচারণ। ৪৯ জনের লেখকসূচিতে আছেন আহমদ শরীফ, জিল্লুর রহমান সিদ্দিকী, সন্জীদা খাতুন, যতীন সরকার, আনিসুজ্জামান, আবুল কাসেম ফজলুল হক, সিরাজুল ইসলাম চৌধুরী, হাসান আজিজুল হক, আহমাদ মাযহার, সৌভিক রেজা, রওশন জাহান, আজিজুল হক প্রমুখ। আবদুল হকের জীবনপঞ্জি ও গ্রন্থপঞ্জিও সংকলিত হয়েছে। সবশেষে রয়েছে এ-গ্রন্থের লেখক-পরিচিতি। সুপরিকল্পিত এই স্মারকগ্রন্থের প্রধান সম্পাদক হাবীবুল্লাহ সিরাজী। সম্পাদক সৈয়দ আজিজুল হক এবং মোবারক হোসেন। সহকারী সম্পাদক কাজী রুমানা আহমেদ সোমা।