মাঝ আকাশে বিমানে মেয়ে শিশুর জন্ম

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২০:১৬

মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে একটি মেয়ে শিশুর জন্ম হয়েছে। বিমানটি ব্যাঙ্গালুরু থেকে জয়পুরে যাচ্ছিল। এক বিবৃতিতে ইন্ডিগোর পক্ষ থেকে বলা হয়েছে, বিমানের কেবিন ক্রু এবং এক চিকিত্সকের সহায়তায় শিশুটিকে নিরাপদে জন্ম দেওয়া সম্ভব হয়েছে।—দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বিবৃতিতে বলা হয়েছে, ব্যাঙ্গালুরু থেকে জয়পুরগামী বিমানের ৬ই ৪৬৯ ফ্লাইটে এক প্রসূতি নারীর হঠাত্ মাঝ আকাশে ব্যথা শুরু হয়। সৌভাগ্যক্রমে ঐদিন বিমানে একজন চিকিত্সক ছিলেন। চিকিত্সক সুবাহানা নাজির ও ইন্ডিগোর কেবিন ক্রু উভয়েই এই বিপদে প্রসূতির সহায়তায় এগিয়ে আসেন।

এ ঘটনা তাত্ক্ষণিকভাবে জয়পুর বিমানবন্দরকে অবহিত করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ সে অনুয়ায়ী চিকিত্সক ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আগে থেকেই করে থাকে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবারের এ ঘটনায় শিশু ও মা দুজনেই সুস্থ আছে। এ ঘটনায় দ্রুত যারা সাহায্যে এগিয়ে এসেছে তাদের প্রতি বিমান কর্তৃপক্ষ তাদের কৃতজ্ঞতা জানিয়েছে। বিশেষ করে বিমানে থাকা চিকিত্সকের প্রতি তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।