বিনোদন রিপোর্ট
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান একের পর এক প্রশংসিত ছবি উপহার দিচ্ছে দুই বাংলার দর্শকদের। দেশের পাশাপাশি ওপার বাংলায়ও সমানতালে কাজ করছেন তিনি। সফলতার ঝুলিতেও যোগ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশকিছু দেশি-বিদেশি পুরস্কার। সেই ধারাবাহিকতায় তার নতুন ছবি ‘আলাতচক্র’ মুক্তি পাচ্ছে আগামীকাল। এই ছবিটির মাধ্যমে থ্রিডি ছবির যুগে প্রবেশ করছে দেশের ইন্ডাস্ট্রি। আজ বিকেল ৪টায় বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে ছবিটির। মুক্তিযুদ্ধের পটভূমিতে আহমদ ছফার উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন হাবিবুর রহমান।
নিজের নতুন ছবি ও অর্জন নিয়ে জয়া আহসান বলেন, ‘আমি সবসময়ই ভালো কিছু কাজ করতে চেয়েছি। ভালো গল্পে নতুন কিছু তুলে ধরতে চাই। আর মুক্তিযুদ্ধের কোনো গল্পে কাজ মানে তো আবেগের জায়গা। অনেক সুন্দর একটি গল্প তুলে ধরা হয়েছে ছবিটিতে। ক্যারিয়ারে ছিঁটেফোটা কোনো অর্জন আমার ঝুলিতে যদি এসে থাকে সেটা স্বাধীন দেশের নাগরিক হিসেবেই এসেছে। স্বাধীন দেশের নাগরিক না হলে অভিনয়ে এই লড়াইটা করতে পারতাম না। বলতে পারেন, অভিনয়ের কিছু না জেনেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। তবে সে সময় আমার ভেতরে অভিনয়ের আগুন ছিল। সেটাই আমাকে এতদূর নিয়ে এসেছে।’
উল্লেখ্য, ‘অলাতচক্র’ উপন্যাসে দানিয়েলের জবানিতে নিজেকেই তুলে ধরেছেন লেখক আহমদ ছফা। নিজের প্রেমিকারূপে সৃষ্টি করেছেন তায়েবা চরিত্রটি। যে চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। ছবিটিতে জয়া-রুবেল ছাড়াও আরো অভিনয় করেছেন মাহতাব হাসান, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশাররফ প্রমুখ। ছবিটির শুটিং ২০২০ সালের শুরুতে শেষ হলেও গত ডিসেম্বরে সেন্সর ছাড়পত্র পায়।
