বিনোদন রিপোর্ট
এরইমধ্যে অভিনয় ও গান দিয়ে দর্শকহূদয়ে স্থান করে নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তবে এবার নিজের নামের সঙ্গে হচ্ছে ভিন্ন একটি পরিচয়। লেখক হিসেবে যাত্রা শুরু হচ্ছে তার। এবারের বইমেলায় ‘অনুভূতির অভিধান’ নামের একটি বই প্রকাশ পাচ্ছে তার। নিজের প্রথম বইটি নিয়ে তাহসান বলেন, ‘জীবনে প্রথম বই লিখলাম। নিজের জীবনের উপলব্দিগুলোই এই বইটিতে তুলে ধরার চেষ্টা করেছি। সত্যি বলতে, আমার যখন যেটা ভালো লাগে সেটাই করি। বই লেখার বেলায়ও সেটাই করেছি। আমার জীবনের ২০-২৫টি গল্প স্থান পেয়েছে বইটিতে। চেষ্টা করেছি মানুষ বইটি পড়ে যেন বুঝতে পারেন অনুভূতি নিয়ে আমাদের আরো অনেক বেশি কথা বলা উচিত। আমাদের জীবনে আমরা অনেককিছু নিয়ে কথা বলি, কিন্তু অনুভূতি নিয়ে কথা বলি না। এই অনুভূতির চর্চা হলে আমাদের পৃথিবীটা আরো সুন্দর হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।’
তবে গান ও অভিনয় নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করা তাহসান জানান, যদি পাঠকরা তার এই লেখাগুলো পছন্দ করেন তাহলে পরবর্তীতে নতুন লেখা নিয়ে হাজির হতে দেখা যাবে তাকে।
