স্পোর্টস ডেস্ক
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবেন না নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর। তবে সিরিজের বাকি দুটি ওয়ানডে ম্যাচে তাকে পেতে আশাবাদী নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যে টেলরের বদলি হিসেবে মার্ক চ্যাপম্যানকে প্রথম ওয়ানডের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ২০ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ডের হোম সিরিজ। এর আগে চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছেন কিউইদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। স্বাগতিকদের দুই সেরা ব্যাটসম্যানের অনুপস্থিতি বাংলাদেশের জন্য সুখবরই বটে। গত ১১ মার্চ প্লাঙ্কেট শিল্ডে সেন্ট্রাল স্ট্যাগসের হয়ে ওয়েলিংটন ফায়ারবার্ডসের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়েই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন টেলর। প্রথম ওয়ানডের দল থেকে ছিটকে গেলেও তিনি থাকবেন দলের সঙ্গেই।
ডানেডিনে টেলরের চোটের খবরটি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড নিজেই। তিনি বলেন, ‘সিরিজ শুরুর ঠিক আগে এমনটা হওয়া রসের জন্য কষ্টের। এটা ছোটখাটো চোট। আমরা আশাবাদী কিছুটা বিশ্রাম নিলে ও সঠিক পুনর্বাসন হলে ক্রাইস্টচার্চের দ্বিতীয় ম্যাচে তাকে ফিট পাব।’ ২০১৪ সালের অক্টোবরের পর এই প্রথমবার উইলিয়ামসন এবং টেলরকে ছাড়া ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। দুজনকেই সেরা একাদশে দেখা যাবে না। দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান না থাকায় বাংলাদেশের বিপক্ষে অভিষেক হতে পারে ডেভন কনওয়ে এবং উইল ইয়াংয়ের। উইলিয়ামসনের জায়গায় কনওয়ে ও টেলরের বদলে ইয়াংকে একাদশে দেখা যেতে পারে।
