কবর খুঁড়ে সাত কঙ্কাল চুরি

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২২:১২

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

কালিয়াকৈরে কবর থেকে সাতটি কঙ্কাল চুরি হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার আশাপুর কবরস্থানে চুরির এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা গোরস্থানের কবর খুঁড়ে সাতটি কঙ্কাল চুরি করে নিয়ে যায়। গতকাল বুধবার সকালে ঐ কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন কবর খোঁড়া দেখতে পায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বিষয়টি দেখার জন্য দলে দলে কবরস্থানে ভিড় করে। আশাপুর কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ জানান, রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা কবরের মাটি খুঁড়ে কবরস্থান থেকে সাতটি কঙ্কাল চুরি করে নিয়ে যায়। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মো. মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।