বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদ্যাপন

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২৩:০৭

ইত্তেফাক ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপনসহ কেককাটা, আলোচনাসভা, বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসটি উদ্যাপিত হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

চট্টগ্রাম :মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সকালে নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে শিশু সমাবেশ, আলোচনাসভা ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। নগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রাটি শহিদ মিনার চত্বর থেকে শুরু হয়ে নিউ মার্কেট মোড়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় শ্রমিক লীগেরসহ সভাপতি সফর আলী, নগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন বাচ্চু, নয়ন উদ্দিন আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনি প্রমুখ।

রংপুর : গতকাল সকাল ৯টায় নগরীর বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.আব্দুল আলিম মাহমুদসহ প্রশাসন, জেলা প্রশাসক মো. আসিব আহসানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

বরিশাল :মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেক কাটেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। এছাড়াও বঙ্গবন্ধু অডিটোরিয়ামের দেওয়ালে চিত্রাঙ্কন কার্যক্রম উদ্বোধন এবং বিকাল ৩টায় বিসিসি মেয়রের নেতৃত্বে নগরীতে বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা বের হয়। এদিকে বরিশাল জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো. মইদুল ইসলাম, নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার মো. মারুফ হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

খুলনা :গতকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সকালে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন খুলনা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর কমান্ড, কেসিসির মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসন, জেলা পরিষদ।

রাজশাহী :জেলা ও মহানগর আওয়ামী লীগ, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পৃথক কর্মসূচি পালন করে। এদিকে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে বঙ্গবন্ধুর জন্মদিন উদ্যাপন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সিলেট :সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে সকালে বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ ও মহানগর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানায়।

ময়মনসিংহ :সকালে মহানগরীর সার্কিট হাউজ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। পরে বিভাগীয় কমিশনার কামরুল হাসান, রেঞ্জ ডিআইজি হারুন অর রশিদ, জেলা প্রশাসক এনামুল হক, জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানসহ রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।

পিরোজপুর :সার্কিট হাউজ মিলনায়তনে গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় ঢাকা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

ভাণ্ডারিয়া (পিরোজপুর) :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষ্যে উপজেলা জাতীয় পার্টি-জেপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির ভাণ্ডারিয়ার বাসভবন তাসমিমা ভিলায় গতকাল বাদ মাগরিব আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল, দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় উপজেলা জেপির যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, যুগ্ম-আহ্বায়ক ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, যুগ্ম-আহ্বায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, জেপি নেতা শাহারিয়ার হাসান দুলাল মল্লিক, পৌর জেপির আহ্বায়ক জামাল উদ্দিন মিয়া স্বপন, উপজেলা যুবসংহতির সভাপতি ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, পৌর যুবসংহতির সভাপতি নাসির উদ্দিন দুলাল সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. মনির সরদার, উপজেলা যুবসংহতির সদস্যসচিব মামুনুর রশিদ সরদার, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক মো. সালাহ্উদ্দিন রাহাত জোমাদ্দার প্রমুখ। 

ইন্দুরকানী (পিরোজপুর) : ইন্দুরকানীতে উপজেলা জাতীয় পার্টি-জেপির আয়োজনে আলোচনাসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা জেপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।