মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের মূল্য দিতে হবে পুতিনকে :বাইডেন

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২৩:১৫

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছেন বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যে অভিযোগে উঠেছে সে ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দিকে জয়ের পাল্লা ঘুরিয়ে দিতে পুতিন যে চেষ্টা করেছিলেন তার পরিণতি তাকে ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্রের এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে বাইডেন এ কথা বলেন। বুধবার সাক্ষাত্কারটি প্রচার করা হয়। কবে নাগাদ ঐ পরিণতি দেখা যাবে এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘অল্প সময়ের মধ্যেই আপনারা সেটা দেখতে পাবেন।’

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপ নিয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে বলা হয়, পুতিনের নির্দেশেই মস্কো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছিল। সেই ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকেই রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে। তখন থেকে বলা হচ্ছে, ট্রাম্পকে জেতাতে রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করেছে। যদিও ট্রাম্প এবং রাশিয়া উভয়ই বারবার এই অভিযোগ অস্বীকার করেছে।

পুতিনকে ‘মূল্য দিতে হবে’ বলে হুমকি দিলেও রাশিয়ার সঙ্গে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে চান বাইডেন। তিনি বলেন, কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে ‘আমরা একসঙ্গে কাজ করলে আমাদের উভয়ের স্বার্থই রক্ষা হবে’। যেমন, স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশান ট্রিটি (স্টার্ট) পুনর্নবায়ন করা। পুতিনকে একজন খুনি মনে করেন কি না, এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আমি সেটি মনে করি।’  পুতিনের বিষয়ে বাইডেন বলেন, আমি অন্যদের তুলনায় তাকে বেশি ভালো জানি। বিদেশি নেতাদের সঙ্গে কাজ করতে গেলে আমার অভিজ্ঞায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো—তাদের সম্পর্কে ভালোভাবে জানা।