জীবননগরে ইউএনওর ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২৩:২৭

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনের ওপর হামলার ঘটনায় পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তবিবর রহমান মন্ডল, জয়নাল হোসেন, শাহানুর রহমান সাজু ও নয়ন হোসেনকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এর আগে রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে ঐ রাতে ইউএনও মুনিম লিংকন জীবননগর থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত তিন জনসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে উপজেলার কাটাপোল গ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মঈদুল ইসলাম নামের একজন বাইসাইকেল আরোহী নিহত হন। দুর্ঘটনায় তার স্ত্রী ও শিশুপুত্র আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেলে বিক্ষুব্ধ গ্রামবাসীর হামলায় আহত হন ইউএনও এস এম মুনিম লিংকন।