দক্ষতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে এনবিআর ও আইসিএমএবি

আপডেট : ১৮ মার্চ ২০২১, ০০:০৮

 

জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট কর্মকর্তাদের নিরীক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদানে আরো দক্ষ করে তুলতে একযোগে কাজ করবে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন ভ্যাট অনলাইন প্রকল্প ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। এ লক্ষ্যে মঙ্গলবার উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ভ্যাট অনলাইন প্রকল্প অফিসে আইসিএমএবির নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ ও ভ্যাট অনলাইন প্রজেক্টের পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ঐ সমঝোতায় স্বাক্ষর করেন। এ সময় ইনস্টিটিউটের সাবেক প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন, ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুল ইসলাম, সচিব কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, কাউন্সিল সদস্য মো. আলী হায়দার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি