লোকসানি প্রতিষ্ঠানের সর্বনিম্ন করের প্রথা বাতিলের প্রস্তাব

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২৩:৩০

ইত্তেফাক রিপোর্ট

স্থানীয় ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে করহার কমানো ও করসহ সার্বিক রাজস্ব ব্যবস্থাপনা অটোমেশনে আনার পরামর্শ দিয়েছে সরকারের বিনিয়োগে সহায়ক সংস্থাগুলো। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত প্রাকবাজেট আলোচনায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পক্ষ থেকে বলা হয়, স্থানীয় ও বিদেশি বিনিয়োগের বাধা বিদ্যমান করহার এবং কর ব্যবস্থাপনা। এখানে প্রতিষ্ঠান লোকসান করলেও সর্বনিম্ন কর দিতে হয়। প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে করহার কমানো এবং লোকসানি প্রতিষ্ঠানের কর আদায়ব্যবস্থা (টার্নওভার বা বিক্রয়ের ওপর সর্বনিম্ন কর) বাতিল করার প্রস্তাব দেওয়া হয়।

আয়করের পাশাপাশি মূল্য সংযোজন কর (ভ্যাট) ও শুল্ক বিষয়েও বেশকিছু প্রস্তাব দেওয়া হয়। বিডা ও বেজা ছাড়াও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টে (বিল্ড) প্রতিনিধিরা এসব দেশে বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে করব্যবস্থার সংস্কারে বেশকিছু প্রস্তাব দেন।

বিডার নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন বলেন, দেশে বিনিয়োগ আকর্ষণে নানা ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে; কিন্তু করপোরেট করহার প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশি হওয়ায় বিদেশি বিনিয়োগকারীদের বিভিন্ন প্রণোদনা দিয়েও আকৃষ্ট করা যাচ্ছে না। কর ছাড়ের কারণে সার্বিকভাবে রাজস্ব যেন না কমে, সেজন্য একটি গবেষণা টিম গঠন করার প্রস্তাব দিয়ে তিনি বলেন, কোন খাতে করহার ছাড় দেওয়া জরুরি, টিম সে বিষয়ে কাজ করবে।