নিম্ন আয়ের তরুণ ও প্রবাস ফেরতদের জন্য বিশ্বব্যাংকের ঋণ

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২৩:৩০

ইত্তেফাক রিপোর্ট

শহুরে দরিদ্র্য যুবক, বিদেশ ফেরত শ্রমিকদের স্বকর্মসংস্থান তৈরির প্রকল্পে ২০ কোটি ডলার (১ হাজার ৭০০ কোটি টাকা) ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংকের বোর্ড সভা। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (আরএআইএসই) শীর্ষক প্রকল্পে এই অর্থ ব্যবহার করা হবে। প্রকল্পটির মাধ্যমে ১ লাখ ৭৫ হাজার শহুরে দরিদ্র্য এবং নিম্ন আয়ের ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় নানা উদ্যোগ নেওয়া হবে। তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, শিক্ষানবিশ কর্মসূচি, কাউন্সেলিং, ক্ষুদ্রঋণসহ স্বকর্মসংস্থানে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। করোনার প্রকোপ শুরুর পর নানা কারণে বিদেশ থেকে বহু শ্রমিক দেশে ফিরে আসতে বাধ্য হয়েছে। ফিরে আসা এমন ২ লাখ যুবকের শ্রম বাজারে টেকসইভাবে স্বকর্মসংস্থান তৈরিতে প্রকল্পটিতে কর্মসূচি থাকছে। বিশেষ করে নগদসহায়তা, কাউন্সেলিংসহ নানা সেবা দেওয়া হবে। দেশের ৩২টি জেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টিমবন উল্লেখ করেন, বাংলাদেশের উন্নয়ন বিশেষ করে দারিদ্র্যবিমোচনে প্রবাসী এবং শহুরে অপ্রাতিষ্ঠানিক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। করোনার প্রভাবে এই দুইটি খাতই বড় ধাক্কা খেয়েছে। এ প্রকল্পটির মাধ্যমে তাদের করোনা-পরবর্তী সময়ে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে।