উদ্যোক্তাশিক্ষায় গুরুত্ব বাড়ানোর আহ্বান

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২৩:৩১

ইত্তেফাক রিপোর্ট

দেশে আরো বেশি হারে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে উদ্যোক্তাশিক্ষায় গুরুত্ব বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ লক্ষ্যে উদ্যোক্তাদের হাতে-কলমে শিক্ষা, অর্থায়নসুবিধাসহ ইকোনমিক ইনকিউবেটর সুবিধা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। তারা বলেন, ইকোনমিক ইনকিউবেটর ছাড়া উদ্যোক্তাশিক্ষা সফল হয় না। গতকাল বুধবার রাজধানীর পল্টনে ইআরএফ কার্যালয়ে উদ্যোক্তা অর্থনীতিদ অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলীর দুইটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।  অনুষ্ঠানে অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী রচিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : রাজনৈতিক উদ্যোক্তা’ এবং ‘বঙ্গবন্ধু থেকে অবিসংবাদিত নেত্রী শেখ হাসিনা’ শীর্ষক দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে লেখকের বঙ্গবন্ধুকে নিয়ে লেখা একটি গানেরও সিডি উন্মোচন করা হয়। ড. মুহম্মদ মাহবুব আলী দেশের টেকসই উন্নয়ন এবং উন্নত দেশের তালিকায় উন্নীত হওয়ার লক্ষ্যে উদ্যোক্তা উন্নয়নে গুরুত্ব দেন। এন্টারপ্রেনারশিপ ইকোনমিস্ট ক্লাবের সভাপতি উম্মুন নাহার আজমীর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রেহানা পারভীন, সারা তাসনীম, ইআরএফ সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম, সাঈদ শাহীন প্রমুখ।