সশস্ত্র বাহিনীর পক্ষে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী পালন

আপডেট : ১৮ মার্চ ২০২১, ০০:২৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উত্সাহ-উদ্দীপনার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী একযোগে ঢাকাসহ দেশের সব সেনানিবাসে উদ্যাপন করে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা পুরাতন বিমানবন্দর এলাকায় ১০১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির অনুষ্ঠানমালার সূচনা করা হয়।

এ দিন টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক পুষ্পস্তবক অর্পণকালে আন্তঃবাহিনী গার্ড অব অনার প্রদান করা হয়। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা, দেশ গঠনে রাজনৈতিক অবদান ও বিভিন্ন উন্নয়নমূলক চিত্র তুলে ধরে সব সেনানিবাসে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সেনাবাহিনীর সব ইউনিট, প্রতিষ্ঠান এবং সদর দপ্তরসমূহে বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আইএসপিআরের পক্ষেও এক আলোচনাসভার আয়োজন করা হয়। সেখানে আইএসপিআরের পরিচালক লে. কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ বক্তব্য রাখেন।

নৌবাহিনীর সব জাহাজ/ঘাঁটিসমূহে একযোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌঅঞ্চলে নিজ নিজ ব্যবস্থাপনায় বিশেষ র্যালির আয়োজন করা হয়। এতে নৌবাহিনীর সকল স্তরের সামরিক-অসামরিক কর্মকর্তা, কর্মচারী ও নাবিকগণ অংশগ্রহণ করেন।

এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মন্ত্রণালয় প্রাঙ্গণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীকে সঙ্গে নিয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। —আইএসপিআর।