বঙ্গবন্ধুর দর্শনকে পূর্ণ করতে হলে তিনি যে সংবিধান রেখে গেছেন তার পূর্ণ বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেছেন, বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক বঙ্গবন্ধু। তাকে দলের ঊর্ধ্বে রেখে তার আদর্শকে মেনে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।
গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ‘আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু’ বিষয়ক অনলাইন আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ মহিলা পরিষদ এই আলোচনাসভার আয়োজন করে।
সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বাংলাদেশে শোষণমুক্ত, মানবিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশফাক হোসেন বলেন, এক অবিসংবাদিত নেতা ছিলেন বঙ্গবন্ধু। বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, বাঙালির এই মহান নায়কের অসাধারণ সংগ্রামের ইতিহাস যেন প্রজন্ম থেকে প্রজন্মে বহমান থাকে।
রেহানা ইউনূস বলেন, শোষকের শাসন থেকে মুক্ত হয়ে বাঙালি জাতির জাগরণ সম্ভব হয়েছে তার রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞাবান নেতৃত্বের কারণে।
সভার শুরুতে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী সুরাইয়া পারভীন ও ডা. সুস্মিতা আহমেদ। আবৃত্তি করেন অভ্র ভট্টাচার্য।
