জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপিত

আপডেট : ১৮ মার্চ ২০২১, ০০:৫৬

কৃতজ্ঞ বাঙালি জাতি শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করল বাংলাদেশ নামক ভূখণ্ডের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নেওয়ার দৃপ্ত শপথে বুধবার বাঙালি জাতি শ্রদ্ধা জানিয়েছে জাতির পিতাকে। বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মাজারে সর্ব স্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিল, মোনাজাত, প্রার্থনা, আলোচনাসভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিত্সা, পুরস্কার বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুস্থদের মধ্যে খাবার বিতরণ, আতশবাজি উত্সব ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সরকারি-বেসরকারি নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হয়। একই সঙ্গে জাতীয় শিশু দিবসও পালিত হলো।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে গতকাল ভোর ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময়ে বিউগলে করুণ সুর বাজানো হয়। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকশ দল এ উপলক্ষ্যে গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাতেহা পাঠ করেন এবং মুনাজাতে অংশ নিয়ে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট হত্যাযজ্ঞে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এ সময়ে দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্যও দোয়া করা হয়। এর আগে রাষ্ট্রপতি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে এসে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। এ সময় সেখানে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা উপস্থিত ছিলেন। এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জাতির পিতার প্রতিকৃতিতে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও আফজাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনসহ দলের অন্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবন এলাকা ত্যাগ করার পর ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, মত্স্যজীবী লীগসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। পরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সামরিক সচিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে। পরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এ সময়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান, সাহাবুদ্দিন ফরাজী ও সৈয়দ আবদুল আউয়াল শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

গতকাল ছিল সরকারি ছুটির দিন। দিবসের তাত্পর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রগুলোতে বিশেষ ক্রোড়পত্র ও নিবন্ধ প্রকাশ করা হয়। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সারাদেশের সব সরকারি হাসপাতাল রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আজিমপুরে এতিমখানায় শিশুদের মধ্যে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি প্রমুখ বক্তব্য রাখেন। মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে দেশব্যাপী বিশেষ প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে বুধবার বেলা ১১টায় ১০০ জন কুরআনে হাফেজের মাধ্যমে ১০০ বার কুরআন খতম করা হয়। কুরআন খতম শেষে জাতির পিতা ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। এদিকে সকাল ৮টায় তেজগাঁও গির্জায়, সকাল ৯টায় মিরপুর ব্যাপ্টিস্ট চার্চে খ্রিষ্টান সম্প্রদায়, সকাল ১০টায় রাজধানীর মেরুল বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায় এবং সকাল সাড়ে ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যবিধি মেনে ‘শান্তি ও উন্নয়নে বঙ্গবন্ধুর দর্শন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে আগারগাঁওয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ  উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্তী। কর্মশালায় বক্তব্য রাখেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধূরী, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদুর রহমান খান ও অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানু। এদিকে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার ও নতুন কারাগারের কারাভ্যন্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কারা কর্মকর্তা-কর্মচারী, ১৩টি ভবনের বন্দি, ব্যারাকে আটক বন্দিদের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বন্দিদের নিয়ে বঙ্গবন্ধুর ওপর আলোচনাসভা ও কেক কাটা হয়। স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ওপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এসময় ঢাকা বিভাগীয় ও সদর দপ্তরের অতিরিক্ত দায়িত্ব পালনকারী কারা উপমহাপরিদর্শক তৌহিদুল ইসলাম, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ ঘোষসহ অন্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর প্রতি মালদ্বীপের প্রেসিডেন্টের শ্রদ্ধা :মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট গতকাল সকাল ১০টা ২৫ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে তার প্রতি এ শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরিদর্শন বইতে তিনি লেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার সারা জীবনের সংগ্রাম বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে তার গন্তব্যে পৌঁছানোর পথ তৈরি করে দিয়েছে। তার জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই জাদুঘর পরিদর্শন আমার জন্যে খুবই সম্মানের বিষয়। তিনি আরো বলেন, গণতন্ত্র ও স্বাধিকারের প্রতীক হিসেবে বঙ্গবন্ধু চিরকালই স্মরণীয় হয়ে থাকবেন এবং তার উত্তরাধিকার প্রজন্ম থেকে প্রজন্মে বহমান থাকবে। মালদ্বীপের প্রেসিডেন্ট আরো উল্লেখ করেন, আমি আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা এবং তিনি যেন জান্নাতুল ফেরদৌস লাভ করেন সেই প্রার্থনা করছি। এর আগে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে এসে পৌঁছালে মালদ্বীপের প্রেসিডেন্টকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানা স্বাগত জানান। এ সময়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং জাদুঘরের ট্রাস্টি এন আই খান উপস্থিত ছিলেন।