স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে শুভ কামনা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। একইসঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী তার দেশ। এজন্য সব সুযোগ কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি। বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, মঙ্গলবার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান সিদ্দিকী। তার সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট আলভি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে খুবই গুরুত্ব দেয় পাকিস্তান। বিদ্যামান দ্বিপাক্ষিক ‘ম্যাকানিজম’ ব্যবহার করে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। দীর্ঘদিনের হিমশীতল সম্পর্কের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পাকিস্তানের পক্ষ থেকে নেওয়া নানা ধরনের পদক্ষেপের কথা প্রেসিডেন্টকে অবহিত করেন ইমরান সিদ্দিকী।
খবরে বলা হয়েছে, ১০ দিনব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ। এই উদযাপনে অংশ নিতে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং মালদ্বীপের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশ সফরে আসছেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন নিয়ে পরামর্শের জন্য সম্প্রতি হাই-কমিশনার ইমরান সিদ্দিকীকে ঢাকা থেকে ইসলামাবাদে ডেকে পাঠানো হয়।
