নিউ জিল্যান্ড পেস বোলারদের দেশ। বাংলাদেশের জন্য বড় হুমকি হতে পারে কিউই পেস আক্রমণ। টিম সাউদি, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসনের সঙ্গে জিমি নিশাম, ড্যারিল মিচেলদের মতো পেস বোলিং অলরাউন্ডারদের নিয়ে দারুণ পেস আক্রমণ তাদের। তবে এবার বাংলাদেশও দিতে চায় পাল্টা জবাব। টাইগারদের তরুণ পেসারদের দিয়ে নিউ জিল্যান্ডকে অপ্রস্তুত করে তুলতে চান বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো।
নিউ জিল্যান্ড সফরে ৭ জন পেসার নিয়ে এবার সফরে গেছে বাংলাদেশ। সেখানে নবীন পেসার আছেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। দুইজনের বলেই আছে গতি, সামনে অপার সম্ভাবনা।
মোহাম্মদ সাইফ উদ্দিনও তরুণ, তবে আন্তর্জাতিক ক্রিকেটে সাড়ে তিন বছর কাটিয়ে ফেলেছেন তিনি। সবশেষ নিউ জিল্যান্ড সফরেও ছিলেন ২৪ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার।
পেস আক্রমণে আরও আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও আল আমিন হোসেন। আপাতদৃষ্টিতে তাই একাদশে হাসান মাহমুদ, শরিফুলদের জায়গা পাওয়া কঠিনই বলা যায়। তবে ওয়ানডে সিরিজ শুরুর আগে ডানেডিনে সংবাদ সম্মেলনে নিজের শক্তির জায়গা বলতে গিয়ে ডমিঙ্গো আলোয় আনলেন আড়ালের পেসারদের।
তিনি বলেন, আমাদের বেশ কজন তরুণ ফাস্ট বোলার উঠে আসছে, নিউ জিল্যান্ড হয়তো ওদের আগে সেভাবে দেখেনি। আমার ধারণা, তারা হয়তো এই পেসারদের দেখার আশাও করছে না। কিন্তু ওরা দারুণ সম্ভাবনাময়। হাসান মাহমুদ, তাসকিন আহমেদরা বেশ দারুণ বোলিং করছে। যে ফাস্ট বোলাররা এখন উঠে আসছে, তাদের নিয়ে আমরা রোমাঞ্চিত।
ইত্তেফাক/টিআর
