হোমায়েরা-রাজা বশিরের ‘বজ্রকণ্ঠে বলে শেখ মুজিব’

আপডেট : ১৮ মার্চ ২০২১, ১৫:৫৫

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে নতুন গান তৈরি করেছেন হোমায়েরা বশির ও রাজা বশির। ‘বজ্রকণ্ঠে বলে শেখ মুজিব’ শিরোনামের এই গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজা বশির। গেয়েছেন হোমায়েরা বশির, দিঠি আনোয়ার এবং রাজা বশির।

গানটির মিউজিক ভিডিও করেছেন নির্মাতা হোমায়েরা বশিরের ছেলে সারগাম। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বুধবার সারগাম সাউন্ড স্টেশন গানটি মুক্তি দেয়। মিউজিক ভিডিওতে গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার প্রথম কয়েক লাইন আবৃত্তি করেছেন।

গানটি সম্পর্কে হোমায়েরা বশির বলেন, গতানুগতিক ধারার বাইরে আমরা ভাইবোন সব সময়ই নতুন কিছু করার চেষ্টা করি। এর আগেও বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে সংগীতের বেশ কয়েকটি প্রজেক্ট করেছি। ‘বজ্রেকণ্ঠে বলে শেখ মুজিব’ আমাদের অন্যতম বিশেষ একটি প্রজেক্ট। যে কারণে আমার গাজী মাজহারুল আনোয়ারের মতো একজন ব্যক্তিত্ব নিয়ে এসেছি। তার অংশগ্রহণ গানটির গুরুত্ব যেমন বাড়িয়েছে তেমনি আমরা আনন্দিত তিনি আমাদের সাথে আছেন। 

মিউজিক ডিরেক্টর এবং নির্মাতা রাজা বশিরের কথায়, ‘মুজিববর্ষে এমন একটি কাজ করতে পেরে সত্যিই আমি আনন্দিত। আমি আশাবাদী গানটি সব মহলের শ্রোতাকেই আকৃষ্ট করবে।’

কয়েকমাস আগে ‘মেলোডি জংশন’ নামে হোমায়েরা এবং রাজা বশির একটি ইউটিউব চ্যানেল করেছেন যেখানে প্রতিমাসে দুটি মিউজিক্যাল শো হয়ে থাকে। এতে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি হোমায়েরা এবং রাজা বশির নতুন নতুন শিল্পীদের সুযোগ করে।

ইত্তেফাক/বিএএফ