পশ্চিমবঙ্গের মসনদে বসার জন্য এবার উঠেপড়ে লেগেছে ভারতের কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকা বিজেপি। যেভাবেই হোক তৃণমূলকে সরিয়ে বাংলা দখল করতেই হবে তাদের। তাইতো মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো রাজ্যে নির্বাচনী প্রচারণায় আসলেন বিজেপি নেতা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে উদ্দেশ্য করে বেশ কড়া ভাষাতে আক্রমণ করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় আয়োজিত দলের সমাবেশে ভারতীয় প্রধানমন্ত্রী বারবার সুর টেনে ‘দিদি’ বলে তুললেন ‘খেলা হবে’ স্লোগান। মুখ্যমন্ত্রী মমতার এই স্লোগানটিকেই যেন এবার অস্ত্র বানালেন তিনি। দিদি বলেন খেলা হবে মন্তব্য করে বললেন, বিজেপি বলে বিকাশ হবে, শিক্ষা হবে, নারীদের উত্থান হবে। বিজেপি বলে যুবশক্তির সম্পূর্ণ বিকাশ হবে, চাকরি হবে, পরিষ্কার পানি হবে, গ্রামে গ্রামে হাসপাতাল-স্কুল হবে।
মমতা বন্দোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, দিদি ও দিদি! ১০ বছর যাবত বাংলার ভাইবোনদের নিয়ে যে চিন্তার খেলা খেলেছেন সেটির এবার অবসান হবে। বাংলায় আপনার খেলা শেষ হবে।
এ সময় রাজ্যে সন্ত্রাসবাদের উত্থানে মদদ দেয়ার জন্য তৃণমূলকে দায়ী করেন নরেন্দ্র মোদি। বলেন, নিজেদের স্বার্থে বাংলায় সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে তারা। কাশ্মিরের পুলওয়ামা হামলার সময়েও আপনি (মমতা) সন্ত্রাসীদের সাথে ছিলেন। এটা বাংলার মানুষ জানে। বাটলা হাউজ এনকাউন্টার নিয়ে আদালত কর্তৃক অপরাধীদের ফাঁসির সাজা দেয়ার সময়ও আপনি এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অনেক হয়েছে, এবার আপনার এসব অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে মানুষ। মা দুর্গার আশীর্বাদ নিয়ে পরাস্ত করা হবে।
গত সপ্তাহে নন্দীগ্রামে প্রচারণায় গিয়ে আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই প্রসঙ্গ তুলে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, দিদির চোট লাগায় আমারও চিন্তা হয়। ভগমানের কাছে আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।
একইদিন পশ্চিম মেদিনীপুরের তিন গড়বেতা, কেশিয়াড়ি এবং কলাইকুণ্ডায় সভা করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে বর্তমান মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণ করে বেশ তীব্র ভাষায় কথা বলেছেন। এমনকি আবারও ক্ষমতায় আসলে দিল্লি থেকে বিজেপিকে হটানো হবে বলেও হুমকি দেন।
ইত্তেফাক/টিএ
