আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৯

আপডেট : ১৮ মার্চ ২০২১, ১৯:১৫

আফগানিস্তানের মধ্যাঞ্চলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হলে নয়জনের প্রাণহানি ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। পাশাপাশি ওয়ারডাক প্রদেশের গভর্নরের মুখপাত্র মহিবুল্লাহ শরিফি হেলিকপ্টার বিধ্বস্তের খবর নিশ্চিত করেছেন।

সংবাদ মাধ্যম সিটিভি নিউজের বরাতে জানা যায়, বুধবার (১৭ মার্চ) রাতে ওয়ারডাক প্রদেশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, ওই এলাকায় বেশ কিছুদিন হলো আফগান বাহিনী ও স্থানীয় মিলিশিয়াদের মধ্যে তীব্র লড়াই চলে আসছে।

বিধ্বস্ত হেলিকপ্টারটির চার ক্রু সদস্য ও নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে উল্লেখ করে।
এছাড়াও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে বলে জানান তারা।

আফগানিস্তানে হেলিকপ্টার দুর্ঘটনা খুবই সাধারণ একটি ঘটনা। কারিগরি ত্রুটি কিংবা জঙ্গিদের হামলায় এসব দুর্ঘটনা ঘটে থাকে।

ইত্তেফাক/এএইচপি