ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘আল্লাহর পর যদি রাজনীতিতে কোন শক্তি থাকে তাহলো জনগণ। জনগণের পরে কেউ নেই।’
বৃহস্পতিবার ( ১৮ মার্চ) বিকালে মাদারীপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিক্সন চৌধুরী বলেন, ‘আমি বড় নেতা বলতে কিছু চিনি না। আমার উত্থান হয়েছে বড় এক নেতার পতন দিয়ে। যাকে সবাই দক্ষিণবঙ্গের সিংহ পুরুষ বলে জানতো, তাকে বিড়ালের মত ভেঙ্গে চুড়ে যেতে হয়েছে। এটাই জনগণের শক্তি।’
নিক্সন চৌধুরীর মতে, ‘আমার চোখে দেখা ফরিদপুরের বিশাল এক নেতার হাতে ফরিদপুরের মানুষ নির্যাতিত হয়েছে। সেই নেতারও কিন্তু একদিন পতন হয়েছে।’

জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণদের উপস্থাপনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, রাজৈর পৌর মেয়র নাজমা রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রিপন গাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম প্রমুখ।
ইত্তেফাক/এসআই
