ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর নাটক মানেই দর্শকপ্রিয়তা। নিজের অভিনয় দিয়ে পরিচালক-প্রযোজক থেকে শুরু করে ভক্তদের আস্থার জায়গা দখল করেছেন তিনি। রোমান্টিক ঘরানার নাটকে এখন তিনিই রাজত্ব করছেন বলা চলে। তবে নাটকে জনপ্রিয়তা পাওয়ায় অনেককেই চলচ্চিত্রে মনোযোগী হন। সেই তালিকায় যুক্ত হন অপূর্ব। কিন্তু প্রথম ছবি ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে তেমন একটা সফলতার মুখ দেখতে পাননি এই অভিনেতা। তবে প্রায় ৬ বছর পর আবার মুক্তি পতে যাচ্ছে তার নতুন ছবি। এবার তিনি শিহাব শাহীনের ‘যদি কিন্তু তবুও’ ছবির মাধ্যমে বড়পর্দায় ফিরছেন। আগামী ৩০ মার্চ ভারতীয় ওটিটি প্লাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে ছবিটি। ছবিটিতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। অপূর্ব বলেন, ‘এটি আমার দ্বিতীয় ছবি। ছবিটির গল্প অসাধারণ। সবকিছু মিলিয়ে দারুণ একটা কাজ হয়েছে, এটা নিঃসন্দেহে বলবো। কাজ করে তৃপ্তি পেয়েছি। এখন দেখার পালা দর্শকরা ছবিটি কীভাবে গ্রহণ করেন!’ ‘গ্যাংস্টার রিটার্নস’ মুক্তির পর বেশকিছু কাজের প্রস্তাব পেয়েছিলেন অপূর্ব। তবে সেগুলো মনের মতো ছিল না বলে আর কাজ করা হয়ে ওঠেনি। তাছাড়া প্রথম ছবির তিক্ততা চলচ্চিত্রের প্রতি তার আগ্রহ অনেকটাই কমিয়ে দিয়েছিল বলে জানান তিনি। এ প্রসঙ্গে অপূর্ব আরো বলেন, ‘গ্যাংস্টার রিটার্নস-এর গল্প ছিল খুবই সুন্দর। গল্পের মতো করে যদি মেকিং কিংবা পোস্ট প্রোডাকশনটা হতো তাহলে ছবিটি আরো ভালো করতো। ছবিটি মুক্তির পর আমাকে সবাই বলেছে, ভাইয়া এটা নাটক না, সিনেমা। তারা কখনো এটা ভাবতো না যে, একটা গল্প বলার কাজ কিন্তু গল্প বলাতেই, আর একজন অভিনেতার কাজ হলো অভিনয় করা। তাই যখন আবারো ছবির প্রস্তাব আসতো, মনে হতো আবার যদি সেরকম কিছু হয়!’ তবে এবার নতুন ছবিটির মাধ্যমে সেই আক্ষেপের দেয়াল ভেঙে বেড়িয়ে আসার অপেক্ষায় রয়েছেন বলে জানান তিনি।
