ভোলায় বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

আপডেট : ১৮ মার্চ ২০২১, ২১:২১

ভোলায় আব্দুল মুনাফ সাজিকে হত্যা মামলায় তার ছেলে আবু সায়েদকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ভোলা জেলা ও দায়রা জজ এ বি এম মাহমুদুল হক এ রায় প্রদান করেন। খবরটি নিশ্চিত করেছেন ভোলা কোর্টের রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ আশরাফ হোসেন লাভু। তিনি জানান, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আনন্দ পার্ট-১ গ্রামে ২০১৭ সালের ২৩ আগস্ট বাড়ির সামনে আবু সায়েদ তার বাবা আব্দুল মুনাফ সাজিকে শাবলের ফলা দিয়ে মাথার পেছন দিকে আঘাত করেন। পরে আহতকে পরিবারের সদস্যরা ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরের দিন ২৪ আগস্ট তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিত্সার জন্য ২৫ আগস্ট ঢাকা নেওয়ার পথে আব্দুল মুনাফ সাজি মারা যান। ঘটনার পর নিহতের আরেক ছেলে আবদুর রব তার ভাই আবু সায়েদকে আসামি করে ভোলা থানায় মামলা দায়ের করেন।