নেতৃত্ব ব্যবস্থাপনা ও সমঝোতাবিষয়ক কর্মশালা
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা কমলগঞ্জে বৃহস্পতিবার নেতৃত্ব, ব্যবস্থাপনা ও সমঝোতাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিলেট বিভাগের নারী চা-শ্রমিক ও তাদের পরিবারের সুরক্ষা বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলার মাধবপুর ইউনিয়ন সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু। প্রশিক্ষণ কর্মকর্তা চম্পা পালের সঞ্চালনায় অতিথি ছিলেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন মনু-ধলই ভ্যালী সভাপতি ধনা বাউরী।
বড়াল নদের সংযোগ খাল খনন উদ্বোধন
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা বাগাতিপাড়ায় বড়াল নদের সংযোগ খাল পুনঃখননের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তমালতলা চক হরিরামপুর স্লুইসগেট এলাকায় খাল খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, বাগাতিপাড়া প্রেসক্লাবের সেক্রেটারি (ভারপ্রাপ্ত) রিয়াজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মেধাবী শিক্ষার্থীরা পেল বৃত্তি
জয়পুরহাট প্রতিনিধি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে জয়পুরহাট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ১১৯ জন মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে ৫ লাখ ৯৫ হাজার টাকার বৃত্তির চেক। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষাবৃত্তির চেক বিতরণ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদ্যাপনে সভা
লালমনিরহাট প্রতিনিধি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে সোনার বাংলা বিনির্মাণে যুব সমাজের প্রতি বঙ্গবন্ধুর আহ্বান শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামীম আশরাফ।
বালিয়াকান্দিতে আয়বর্ধক প্রশিক্ষণ
বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা বালিয়াকান্দিতে বৃহস্পতিবার আয়বর্ধক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে গ্রামীণ যুবকদের ড্রাইভিং, সক্ষম প্রতিবন্ধী ও বেকার মেয়েদের ব্লকবাটিক এবং পাটজাত কুটির শিল্প ও আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমিতির সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বৃহস্পতিবার দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসন দেবীগঞ্জ এর আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসানের সভাপতিত্বে এতে প্রধান অথিতির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব নার্গিস আক্তার ডলি।
‘উচ্চশিক্ষায় বঙ্গবন্ধুর দর্শন’ শীর্ষক ভার্চুয়াল সভা
স্টাফ রিপোর্টার, রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘উচ্চশিক্ষায় বঙ্গবন্ধুর দর্শন’ শীর্ষক ভার্চুয়াল আলোচনাসভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। রাবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া। সভাপতিত্ব করেন সেলের পরিচালক প্রফেসর আবু বকর মো. ইসমাইল।
কৃষক সমিতির মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আশুগঞ্জ সেচ প্রকল্পের সেচ ক্যানেল ও ফোর লেন সড়ক একই সঙ্গে নির্মাণের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কৃষক সমিতির জেলা কমিটির সভাপতি শাহরিয়ার মো. ফিরোজের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য সাজিদুর রহমান, অ্যাডভোকেট জামাল আহমেদ, নারী নেত্রী আসমা খানম প্রমুখ।
বিনা মূল্যে পাটের বীজ বিতরণ
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা রাজৈরে কৃষকদের মধ্যে বৃহস্পতিবার বিনা মূল্যে পাটের বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও পাট অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান এক কৃষকের হাতে পাট বীজের প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পাট অফিসার বাসুদেব হালদার, ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল প্রমুখ।
