পুঁজিবাজারে লেনদেন বন্ধ হচ্ছে না :বিএসইসি

আপডেট : ১৮ মার্চ ২০২১, ২১:২৬

করোনা ভাইরাস পরিস্থিতির অবনতিতে পুঁজিবাজারে লেনদেন আবারও বন্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের গুজব আমাদের কাছেও এসেছে। কমিশন পুঁজিবাজারে লেনদেন বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। বন্ধের কোনো পরিকল্পনাও নেই। গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলমের সভাপতিত্বে জরুরি সভায় মোট ১২টি প্রস্তাব গৃহীত হয়। সেগুলো মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ সচিবকে পাঠানো হয়েছে। তবে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, লকডাউনের মতো সিদ্ধান্তে যাচ্ছেন না তারা। সরকার স্কুলকলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেও অধিদপ্তর ভাবছে উলটো কথা। তারা যেসব প্রতিষ্ঠান খোলা আছে, সেগুলোও এখন বন্ধ করে দেওয়ার পক্ষে। এমন অবস্থায় আবারও পুঁজিবাজার বন্ধের আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। এর আগের গত বছরে করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত বন্ধ ছিল পুঁজিবাজারের লেনদেন।