পিআইবিতে শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

আপডেট : ১৮ মার্চ ২০২১, ২১:৫১

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস  উপলক্ষ্যে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পিআইবির সেমিনার কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন। তিনি বলেন, আগামী প্রজন্মকে সাংবাদিকতা করতে অবশ্যই বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকতে হবে। এই দেশের জন্মের ইতিহাস জানতে হবে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে। যারা ভবিষ্যতে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করবে তাদের অবশ্যই সাংবাদিকতায় যে চ্যালেঞ্জ আসছে তা মোকাবিলা করার জন্য নিজেকে প্রস্তুত থাকবে হবে। তরুণ প্রজন্মকে বই পড়ার অভ্যাস গড়ে তোলারও আহ্বান জানান তিনি। ইত্তেফাক সম্পাদক আরো বলেন, করোনা পরিস্থিতির আগের পৃথিবী আর এখনকার পৃথিবী এক নয়। তাই আমাদের বাস্তবতাকে মেনে নিয়ে নতুন পৃথিবীর সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে। অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। প্রশিক্ষণে মোট ৩৫ জন  প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।—প্রেস বিজ্ঞপ্তি