হাইকোর্টে ইরফান সেলিমের জামিন

আপডেট : ১৮ মার্চ ২০২১, ২১:৫৬

নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে জামিন দিয়েছে হাইকোর্ট। ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গতকাল বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। আদালতে ইরফান সেলিমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। পরে অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা বলেন, এই আদেশের ফলে ইরফান সেলিমের কারামুক্তিতে বাধা নেই। গত ২৭ জানুয়ারি নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় ইরফান সেলিমকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। হাইকোর্টের একই বেঞ্চ ঐদিন এ রুল জারি করে। গত ২৬ অক্টোবর নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় ইরফান সেলিমসহ চার জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করা হয়।