প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও টমাস টুখেলের চেলসির কাছে পাত্তা পেল না অ্যাটলেটিকো মাদ্রিদ। স্ট্যামফোর্ড ব্রিজে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে গত বুধবার অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লন্ডনের নীল শিবির। ওদিকে লািসওকেও দ্বিতীয়বার হারাতে বেগ পেতে হয়নি বায়ার্ন মিউনিখের। রবার্ট লেন্ডাভস্কিদের কাছে ১-২ গোলে হেরে শেষ ইতালিয়ান দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে লািসও।
স্ট্যামফোর্ড ব্রিজে অ্যাটলেটিকোর বিপক্ষে চেলসির হেসেখেলে জয় ফুটবল বিশ্বকে একটি সময়োপযোগী বার্তাই দিয়েছে। লা লিগা টেবিলের শীর্ষ দল টানা দুই লেগে প্রিমিয়ার লিগে শীর্ষ চারের জন্য লড়াই করা দলের সামনে দাঁড়াতে পারল না। লা লিগার একমাত্র দল হিসেবে শেষ আট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ, যারা তিন মৌসুমে এই প্রথমবারের মতো কোয়ার্টারের স্বাদ পেতে যাচ্ছে। আর লা লিগার অপর পরাশক্তি বার্সেলোনা গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে লজ্জাজনক পরাজয়ে। অপরদিকে প্রিমিয়ার লিগের তিন দল কোয়ার্টারে উঠেছে এখন পর্যন্ত নক-আউট রাউন্ডে কোনো গোল হজম না করেই। ক্লাবগুলোর পারফরম্যান্স বিবেচনায় ইউরোপের শীর্ষ লিগ যে এখন প্রিমিয়ার লিগ, সেটা বুধবার ফুটবল বিশ্বকে আরেকবার স্মরণ করিয়ে দিয়েছে চেলসি।
লন্ডনের অ্যাওয়ে লেগে ডিয়েগো সিমিওনে আগের লেগের মতো অদ্ভুত কোনো লাইনাপ না নামিয়ে একটি নিয়মিত একাদশই নামিয়েছিলেন। কিন্তু এরপরও লুইস সুয়ারেজ-জোয়াও ফেলিক্সরা চেলসির রক্ষণের সামনে হতাশ একটি রাত পার করেছে। আর গুরুত্বপূর্ণ ‘অ্যাওয়ে গোল’-র আশায় চেলসির রক্ষণের সামনে ঘন ঘন ভিড় করতে থাকা অ্যাটলেটিদের টিমো ভের্নাররা কাবু করেছে দুইটি নিয়মমাফিক প্রতি আক্রমণে। হাকিম জিয়েশ ও ইমারসনের গোলে পাওয়া এই আয়েশি জয়ের পর একরকম হুঙ্কারই দিলেন ম্যানেজার টুখেল। ম্যাচশেষে এই জার্মান ম্যানেজার জোর গলায় বললেন, ‘আমি নিশ্চিত আমাদের বিপক্ষে কেউ খেলতে চায় না।’ দিনের অপর ম্যাচেও শেষ হাসি হেসেছে আরেক জার্মান ম্যানেজার। ইতালির শেষ দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকা লািসওকে আবারও হেসেখেলে হারিয়েছে ম্যানেজার হ্যান্সি ফ্লিকের দল। দলের প্রধান স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি ও বদলি স্ট্রাইকার এরিক ম্যাক্সিম চপো মোটিংয়ের গোলে এ দিনে সিমনে ইনজাঘির দলকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাভারিয়ানরা। সাকুল্যে ৬-২ ব্যবধানের এই বিশাল জয়ে ডর্টমুন্ডের পর দ্বিতীয় জার্মান দল হিসেবে কোয়ার্টারের টিকিট কেটেছে গত আসরের চ্যাম্পিয়নরা।
