চলতি বছরে এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা জেগেছিল ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পরই। যদিও ভারতীয় বোর্ড দ্বিতীয় সারির দল পাঠাতে রাজি ছিল। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি আরো এক বার জানিয়ে দিলেন, এ বছর এশিয়া কাপ মাঠে গড়াবে না। আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এ আসর। ২০২০ সালে করোনায় স্থগিত হওয়া আসরটিই চলতি বছর জুন-জুলাইয়ে হওয়ার কথা ছিল।
এহসান মানি আরো জানিয়েছেন, ২০২৩ সালে এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান। যে টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দলও অংশ নেবে বলে আশাবাদী তিনি। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে এহসান মানি বলেছেন, ‘এই বছর এশিয়া কাপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। পিএসএলের জন্য পিসিবির হাতে সময় নেই, ভারতীয় দল ইংল্যান্ডে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে। ফলে এই বছর এশিয়া কাপ আয়োজন করার আর সময় পাওয়া যাবে না।’
তিনি আরো বলেন, ‘২০২২ সালে শ্রীলঙ্কায় এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। পরের বছর, অর্থাত্ ২০২৩ সালে এই প্রতিযোগিতা হবে পাকিস্তানে। আমি অত্যন্ত আশাবাদী ততদিনে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের উন্নতি হবে এবং ভারতীয় দল আমাদের দেশে খেলতে আসবে।’
পিসিবির ঘোষণা অনুযায়ী, ফেব্রুয়ারিতে শুরু হয়ে গত ৩ মার্চ করোনার কারণে স্থগিত হওয়া পিএসএল (পাকিস্তান সুপার লিগ) আবারও মাঠে গড়াবে জুনে। দুটি বড় দল ভারত, পাকিস্তান ব্যস্ত থাকবে এশিয়া কাপের নির্ধারিত সময়ে। তাই উপমহাদেশের বিশ্বকাপখ্যাত এ টুর্নামেন্ট মাঠে গড়ানোর সম্ভাবনা আসলেই কমে আসছে।
