ইউনিসেফের সঙ্গে বাফুফের বন্ধনটা বছর দুই আগে। বাফুফে নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে। ইউনিসেফ বাফুফেকে ফুটবল উন্নয়নে সহযোগিতা করে যাচ্ছে। প্রতিভা বাছাই টুর্নামেন্ট আজই শুরু হবে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে। পালাক্রমে খেলা হবে মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর, রাজশাহী, খুলনা ও পটুয়াখালীতে। যাদের বয়স ১২ তারা এই খেলায় খেলতে পারবে। ইউনিসেফ নারী শিশুর জন্য সুন্দর পৃথিবী গড়ে তোলার কাজ করে। কোনো শিশু যদি নির্যাতনের শিকার হয়, বাল্যবিবাহর শিকার হয়—তাকে রক্ষা করতে এগিয়ে আসবে ইউনিসেফ। ১০৯৮ নম্বরে ফোন করলে সহযোগিতা পাওয়া যাবে। সমাজসেবার অধীনে এই সহযোগিতা পাওয়া যায়, তবে ইউনিসেফ টেকনিক্যাল সাপোর্ট দেয়। যে কেউ ফোন করতে পারবে। গতকাল বাফুফে ভবনে ইউনিসেফ-বাফুফে ট্যালেন্টহান্ট ফুটবলের সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট এবং শিশুর সুরক্ষা নিয়ে কথা বলেন ইউনিসেফের চাইল্ড প্রটেকশন অফিসার ফাতেমা খায়রুন নাহার, ফিফার সদস্য মাহফুজা আক্তার কিরণ এবং অন্য কর্মকর্তারা।
