পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য তৃতীয় দফায় ১৪৮ প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, পার্ণো মিত্র ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। আসানসোলে প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পাল। এমপি জগন্নাথ সরকার এই দফায় প্রার্থী হয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত বিজেপির পাঁচ এমপি বিধানসভা নির্বাচনে প্রার্থী হলেন। লোকসভা নির্বাচনে গুরুত্ব না দিলেও পশ্চিমবঙ্গের ৩৩ শতাংশ মুসলিম ভোটারের দিকে লক্ষ্য রেখে এবার প্রার্থী করা হয়েছে সাত মুসলিমকে। তালিকায় অন্য দল থেকে আসা ৭৯ জন স্থান পেয়েছেন। এ নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। তবে যাকে নিয়ে প্রবল উত্সাহ সেই মিঠুন চক্রবর্তীর নাম প্রার্থী তালিকায় নেই।
কলকাতায় মমতা ব্যানার্জির পুরোনো আসন ভবানীপুরে বিজেপির প্রার্থী হয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে বেহালা পশ্চিমে অভিনেত্রী শ্রাবন্তী। পার্ণো মিত্রকে কলকাতারই বরানগরে প্রার্থী করা হয়েছে।
কলকাতায় চৌরঙ্গী আসনে প্রার্থী করা হয়েছিল তৃণমূলের সাবেক এমএলএ শিখা মিত্রকে। তালিকা ঘোষণা হওয়ার পর তিনি জানিয়েছেন, বিজেপিতে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি প্রার্থী হচ্ছেন না। একই ঘটনা ঘটেছে বেলগাছিয়া আসনের প্রার্থী তরুণ সাহার ক্ষেত্রেও। তিনিও জানিয়েছেন বিজেপির প্রার্থী হচ্ছেন না। এক সময় তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির ডান হাত হিসেবে পরিচিত ছিলেন মুকুল রায়। বছর দুয়েক আগে তিনি বিজেপিতে যোগ দেন। নদীয়ার কৃষ্ণনগর উত্তরে তাকে প্রার্থী করেছে বিজেপি। তালিকায় রয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া একাধিক এমএলএ-ও।
