১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রয়োজন -------------মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট : ১৯ মার্চ ২০২১, ০০:২৩

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুর নির্দেশে ১৯ মার্চ ১৯৭১ গাজীপুরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। ইতিহাসের সাক্ষী হিসেবে এ দিনটি রাষ্ট্রীয় স্বীকৃতি প্রয়োজন। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনাসভায় ১৯ মার্চ ১৯৭১ প্রথম সশস্ত্র প্রতিরোধের ঘটনার স্মৃতিচারণ করে তিনি এসব কথা জানান। ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদ্যাপন পরিষদ, বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম ও গাজীপুর সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এ আলোচনাসভার আয়োজন করে ।

মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, যখন পাকিস্তানিরা বাঙালির স্বার্থকে উপেক্ষা করে আসছিল, তখন আমরা বঙ্গবন্ধুর কাছে পরামর্শ চাই। তিনি আমাদের প্রতিহত করার নির্দেশনা দিয়েছিলেন। এ সংকেত পাওয়ার পরই আমরা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের জন্য মানসিক ও সাংগঠনিকভাবে প্রস্তুত হই।

১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদ্যাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান। আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য শামসুন নাহার ভূঁইয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ঢাকাস্থ গাজীপুর অফিসার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মো. আজহারুল হক, বিজেআরএফের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল বারী, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি এম এ সালাম শান্ত প্রমুখ।