ইতিহাস বিকৃতি সবার হূদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে

আপডেট : ১৯ মার্চ ২০২১, ০০:২৪

 ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ গ্রন্থ প্রকাশের সঙ্গে যুক্ত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ভবিষ্যতের জন্য সতর্ক করে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এক রায়ে সংশ্লিষ্টদের সতর্ক করে দেয়। আদালত বলেছে, এই ইতিহাস বিকৃতি আমাদের সবার হূদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। এটা অমার্জনীয় অপরাধ। ফলে রিট আবেদনকারীর মামলা করার যথেষ্ট কারণ ছিল। এরই মধ্যে আদালতের নির্দেশে সব বই সংগ্রহ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্টরা নিঃশর্ত ক্ষমা চাওয়ায় মামলাটি নিষ্পত্তি করা হলো।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাইনুল হাসান শুনানি করেন।

 কাজী মাঈনুল হাসান সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ নামক গ্রন্থে বঙ্গবন্ধুর ছবি না দেওয়ায় ইতিহাস বিকৃতির অভিযোগে তা নিয়ে একটি রিট আবেদন করা হয়। আদালত কিছু পর্যবেক্ষণ দিয়ে ঐ রিট আবেদনটি নিষ্পত্তি করে রায় দিয়েছে।

২০১৭ সালের ডিসেম্বরে ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ গ্রন্থ প্রকাশিত হয়। ঐ গ্রন্থে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো ছবি ব্যবহার করা হয়নি। অথচ সেখানে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আইয়ুব খান, পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খানের ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর তা নিয়ে ড. কাজী এরতেজা হাসান রিট করেন।