৪১তম বিসিএসে পৌনে ৫ লাখ পরীক্ষার্থীর প্রিলি পরীক্ষা আজ

আপডেট : ১৯ মার্চ ২০২১, ০০:২৪

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। করোনা সংক্রমণের মধ্যেই পৌনে ৫ লাখ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। চাকরিপ্রার্থীরা পরীক্ষা পেছানোর দাবি জানালেও সরকারি কর্ম কমিশন (পিএসসি) আগেই জানিয়েছে, পূর্ব ঘোষণা অনুযায়ী ১৯ মার্চেই ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার মধ্যে স্ব স্ব পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগত বিদেশি ভিভিআইপিদের চলাচলের জন্য শুক্রবার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকবে।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ইত্তেফাককে বলেন, করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে এরই মধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রে যারা থাকবেন, তাদের জন্য বেশকিছু নির্দেশনাও দিয়েছি আমরা। কোনো কেন্দ্রে যদি কোনো প্রার্থীর তাপমাত্রা বেশি থাকে, তাহলে তাকে অন্য হলে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া আছে।

আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সারা দেশের ৮টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। প্রিলিমিনারিতে ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে পরীক্ষা হবে দুই ঘণ্টা। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন শিক্ষার্থীরা।