কাপাসিয়ায় যুবলীগ নেতা জালাল হত্যায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

আপডেট : ১৯ মার্চ ২০২১, ০০:২৫

গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতি জালাল উদ্দিন হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ১১ আসামির মধ্যে পাঁচ জনের ফাঁসি বহাল রেখেছে হাইকোর্ট। বাকি ছয় জনের মধ্যে পাঁচ জনকে যাবজ্জীবন ও একজনকে খালাস দেওয়া হয়েছে। আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ, আসামিপক্ষে খন্দকার মাহবুব হোসেন, এস এম শাহজাহান ও সারোয়ার হোসেন শুনানি করেন।

কাপাসিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল আলীম, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ফারুক হোসেন, জজ মিয়া, আল আমিন ও বেলায়েত হোসেন বেল্টুর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। আর মৃত্যুদণ্ড হ্রাস করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হালিম ফকির, সাংবাদিক আতাউর রহমান, ছাত্রদল নেতা জুয়েল, ফরহাদ হোসেন সরকার ও মাহাবুবুর রহমান রিপনকে। মামলার অপর আসামি জয়নাল আবেদীনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা জানান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জালাল উদ্দিন সরকারকে ২০০৪ সালের ১৭ আগস্ট তার বাড়ির নিকটবর্তী বলখেলার বাজার এলাকায় বন্ধুদের সঙ্গে গল্প করার সময় প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় উপজেলা যুবদল ও ছাত্রদলের ১১ জনকে আসামি করে কাপাসিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ২০১৫ সালে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক ফজলে এলাহী ভুঁইয়া ১১ আসামির সবাইকে ফাঁসির আদেশ প্রদান করেন। পরে আসামিপক্ষ এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল দায়ের করেন।

এ ব্যাপারে বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নান জানান, এ রায়ে তিনি এবং সংশ্লিষ্টদের পরিবারের সদস্যরা মর্মাহত। রায়ের কপি হাতে পেলে এ রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আপিল করা হবে।