কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চালু হয়নি অপারেশন থিয়েটার নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

আপডেট : ১৯ মার্চ ২০২১, ০৫:২৪

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার থাকলেও দীর্ঘদিনেও তা চালু হয়নি। এতে দুর্ভোগে পড়েছেন রোগীরা। এছাড়া সার্জারি, গাইনি ও অ্যানেসথেসিয়ার জুনিয়র কনসালটেন্ট না থাকায় নষ্ট হচ্ছে অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৯৮১ সালের ১১ জানুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করা হয়। পরে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি নতুন ভবন তৈরি করে ২০১৪ সালের ৪ এপ্রিল ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করে উদ্বোধন করা হয়। ঐ বছরই নতুন ভবনে স্থাপন করা হয় অপারেশন থিয়েটার ও প্রায় ৩০ লাখ টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয় অপারেশন থিয়েটারের জন্য। অপারেশন থিয়েটারের জন্য নির্ধারিত চিকিত্সক না থাকায় ক্রয়কৃত যন্ত্রপাতির বেশির ভাগ নষ্ট হওয়ার পথে। জানা গেছে, এই স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশনের ব্যবস্থা না থাকায় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অতিরিক্ত ফি দিয়ে অপারেশন করতে হচ্ছে অনেক রোগীর। বিশেষ করে জরুরি অপারেশনের রোগীদের দুর্ভোগ বেশি পোহাতে হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে আসা শাহনাজ পারভীন নামের এক রোগীর বাবা বলেন, ‘আমার মেয়েকে সন্তান প্রসব করানোর জন্য হাসপাতালে নিয়ে এসেছিলাম। নরমালে সন্তান প্রসব না হওয়ায় সিজারের প্রয়োজন হয়। কিন্তু এই হাসপাতালে সিজারিয়ানের ব্যবস্থা না থাকায় কষ্ট করে সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে সিজার করানো হয়েছে।’

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মাদ শরিফুল ইসলাম জানান, অপারেশনের জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি থাকলেও আবশ্যিক পদে চিকিত্সক না থাকায় অপারেশন থিয়েটার চালু করা সম্ভব হচ্ছে না। অপারেশনের সঙ্গে সম্পৃক্ত চিকিত্সকদের শূন্য পদের তালিকা স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর একাধিকবার প্রেরণ করা হয়েছে। কিন্তু তাতেও অপারেশনের জন্য কাঙ্ক্ষিত চিকিত্সক পাওয়া যাচ্ছে না।

ইত্তেফাক/এমএএম