‘আমার বিজয়ের গল্প’ উৎসবের পুরস্কার বিতরণ-পাঠ উন্মোচন

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২০:০৯

জীবনের আনন্দ ও বেদনার না বলা অসাধারণ গল্প নিয়ে প্রথম বারের মত আয়োজিত হলো ‘আমার বিজয়ের গল্প’ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ ও পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্রে। অনন্য অর্জনের গল্প তুলে ধরার মাধ্যমে অনুপ্রেরণা দিতে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

শিক্ষা ও পেশা-পোর্টাল ক্যারিয়ার কেয়ার.কম, বাংলাদেশ অরগানাইজেশন ফর স্কিল ডেবেলপমেন্ট (বায়েসড) এর সহযোগিতায় দৈনিক ইত্তেফাক, বরেন্দ্র, ঢাকা এফ এম ৯০.৪, রকমারি.কম, বাংলা কাগজ এ উৎসবের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লেখক, গবেষক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন- দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেনসহ কথা সাহিত্যিক ও লেখক দীপু মাহমুদ, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের উপ-পরিচালক মো. আনিসুর রহমান এবং ‘আমার বিজয়ের গল্প’ এর আহ্বায়ক, সম্পাদক ও বাংলাদেশ ব্যাংক এর উপ-পরিচালক নাজমুল হুদা।

এ অনুষ্ঠানে সেরা অর্ধশত লেখককে সম্মাননা প্রদান করা হয়েছে। আমার বিজয়ের গল্প প্রতিযোগিতার সেরা লেখক-২০১৮ নির্বাচিত হয়েছেন ইজাজ আহমেদ মিলন, গাজীপুর (সাফল্যের শৈলচূড়া)। ২য় সেরা লেখক নির্বাচিত হয়েছেন ফারহা নূর, নোয়াখালী (অপরাজিতা)। ৩য় সেরা লেখক নির্বাচিত হয়েছেন সজীব মাহমুদ, ঢাকা, (ল্যামপোস্ট)।

প্রধান অতিথির বক্তব্যে ড. আতিউর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অনেক উন্নত হয়েছে এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর আদর্শকে পুঁজি করে নিজেদের সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। একাত্তরের বিজয়ে যে তরুণরা অবদান রেখেছেন আগামীর বাংলাদেশ সেই তরুণরাই গড়ে তুলবে’।

বিশেষ অতিথি দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন বলেন, মেয়েদের অবজ্ঞা বা হেয় করার কোন কারণ নেই, সৃষ্টিকর্তা প্রদত্ত মেয়েদের মাল্টিটাস্কিং এর ক্ষমতা আছে। সবাইকে নিজের পায়ে দাঁড়াতে শিখতে হবে। আর শিশুদের ওপর বইয়ের বোঝা কমিয়ে তাদের গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়ার প্রতি গুরুত্ব দিতে হবে। সে গল্প হোক বিজয়ের গল্প। 

‘আমার বিজয়ের গল্প’ এর আহ্বায়ক, সম্পাদক ও বাংলাদেশ ব্যাংক-এর উপ-পরিচালক নাজমুল হুদা বলেন, ‘সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে এই আয়োজন আমরা চলমান রাখবো’।

আরও পড়ুন: ইহুদি দম্পতির গায়ে দুর্গন্ধ, নামিয়ে দেয়া হলো বিমান থেকে

ইত্তেফাক/এমআই