ফেরদৌস-আইরিন-মিতুলের ‘গন্তব্য’ ৬টি প্রেক্ষাগৃহে

আপডেট : ২০ মার্চ ২০২১, ১৫:৪১

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে অরণ্য পলাশ নির্মাণ করেছেন ‘গন্তব্য’। বিভিন্ন ইস্যুতে একাধিকবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সিনেমাটি। বিভিন্ন কারণে প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল এর মুক্তি। তবে সব বাধা পেরিয়ে আজ (১৯ মার্চ) ছবিটি মুক্তি পেয়েছে।

এতে অভিনয় করেছেন- ফেরদৌস, আইরিন, আমান রেজা, আফফান মিতুল, এলিনা শাম্মী, কাজী রাজু, কাজী শিলা, মাসুম আজিজ এবং জয়ন্ত চট্টপাধ্যায়।

ছবিটি চলছে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত স্কয়ার), ব্লকবাস্টার (ঢাকা), রাজু (ঈশ্বরদী), রাজিয়া (নাগরপুর) এবং পূর্বাশায় (শান্তাহার) ।

ছবিটির প্রযোজক জানিয়েছেন, গত ১৭ মার্চ ‘গন্তব্য’-এর ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হয়। আগামী ২৬ মার্চ দেশের আরও কয়েকটি টেলিভিশনে সিনেমাটি প্রচারের পরিকল্পনা আছে। তারপর সাব-টাইটেল যুক্ত করে চলচ্চিত্র উৎসব এবং ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনা রয়েছে।

এই চলচ্চিত্রে আফফান মিতুল অভিনয় করেছেন দুইটি আলাদা আলাদা চরিত্রে, আলাদা পেশার আলাদা সময়ের মানুষের। একই সিনেমায় এই প্রথমবার দুই চরিত্রে অভিনয় করে মিতুল বেশ উচ্ছ্বসিত। তার কথায়, ‘জীবনে প্রথমবার যেকোন অভিজ্ঞতাই অনেক আনন্দের, ‘গন্তব্য’ সিনেমায় ডুয়েল চরিত্রে অভিনয় করাটাও অনেক আনন্দের ছিলো। একটি চরিত্রে আমি ৫০ বছর আগের গ্রামের খেটে খাওয়া মানুষ জেলের চরিত্রে, আরেকটি চরিত্রে আমি বর্তমান সময়ের শহুরে ছেলে যে কিনা থিয়েটারকর্মী, অভিনয়কে ভালোবাসেন এমন চরিত্রে।’

 

আনোয়ার আজাদের প্রযোজনায় ‘গন্তব্য’ সিনেমাটি বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ১৭ মার্চ এনটিভিতে ‘গন্তব্য’ সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে।


ইত্তেফাক/বিএএফ