এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি খেলবে গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে। এবং লিভারপুলকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল মাদ্রিদ।
শুক্রবার ( ১৯ মার্চ) সুইজারল্যান্ডের নিওঁতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ও সেমি ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। শেষ আটের অন্য দুটি ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি-বরুশিয়া ডর্টমুন্ড ও চেলসি-পোর্তো।
ফুটবল প্রেমীদের জন্য দুঃসংবাদ, এবার শেষ আটেই বিদায় নিতে হবে লিভারপুল কিংবা রিয়াল। রেকর্ড ১৩ বারের ইউরোপ চ্যাম্পিয়ন রিয়ালকে কঠিন পরীক্ষা দিতে হবে কোয়ার্টার ফাইনালে।
অবশ্য এর আগেই গ্ল্যামার হারিয়েছে এবারের চ্যাম্পিয়ন্স লিগ। ১৬ বছর পর এই টুর্নামেন্টের শেষ আটে দেখা যাবে না দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে। পিএসজির বিপক্ষে হেরে বিদায় নেয় মেসির বার্সেলোনা। নকআউটে এফসি পোর্তোর হার ছিটকে দিয়েছে রোনালদোর জুভেন্টাসকে।
ইত্তেফাক/এনএ
