বিনোদন ডেস্ক
বলিউড তারকা দীপিকা পাডুকোন একের পর এ নতুন সিনেমায় কাজ দিয়ে শিরোনামে আসছেন। এরইমধ্যে একাধিক বিগ বাজেটের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শুরু করেছেন বেশ কয়েকটি সিনেমার শুটিং। সেই সিনেমাগুলোর নতুন লুকও বেশ নজর কেড়েছে তার ভক্তদের। বর্তমানে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন দীপিকা। আর এরই ভেতরে নতুন আরো একটি খবরে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। গতবছর আজুর এন্টারটেইনমেন্ট ও ওয়ার্নার ব্রোস ঘোষণা করেছিল দীপিকা পাডুকোন ও ঋষি কাপুরকে নিয়ে হলিউড সিনেমা ‘দ্য রিটার্ন’-এ হিন্দি ভার্সন নির্মাণ করবেন। কিন্তু ঋষি কাপুরের প্রয়াণে সেটি থমকে যায়। তবে এবার দীপিকা ভক্তদের জন্য সুখবর হলো আবারো সিনেমাটি নির্মিত হচ্ছে। তবে ঋষি কাপুরের জায়গায় অভিনয় করবেন অমিতাভ বচ্চন। জানা গেছে, ঋষি কাপুরের মৃত্যুর পর থেকেই এই চরিত্রের জন্য কাউকে খুঁজছিলেন তারা। অবশেষে অমিতাভ বচ্চনকে চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই সিনেমাটির পুনরায় শুটিং শুরু হবে। দীপিকা বলেন, ‘সেই সময় এই ছবিটি নিয়ে অনেক আশায় ছিলাম। কিন্তু শ্রদ্ধেয় ঋষি কাপুরের প্রয়াণে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছিল। তারা ওনার বিকল্প খুঁজছিলেন। অবশেষে আরেক শক্তিমান অভিনেতাকে কাস্ট করেছেন। শিগগিরই সিনেমাটির শুটিংয়ে ফিরবো, এটা ভাবতেই নিজের ভেতর উচ্ছ্বাস কাজ করছে। এ বছরটি আমার ক্যারিয়ারে অনেক ভালো যাবে বলে মনে হচ্ছে। দর্শকদেরও হতাশ হতে হবে না। অন্যান্য কাজের মতো এ বছরও তাদের প্রত্যাশার দাম দিতে চাই। আর এই সিনেমাটি আর ক্যারিয়ারে নতুনমাত্রা যোগ করবে বলে আমি বিশ্বস করি। কারণ সিনেমাটিতে অন্যরকম গল্পে ভিন্ন এক দীপিকাকে দেখবেন আমার দর্শকরা। অপেক্ষা করুন শিগগিরই আসছি।’
