বরিশাল অফিস
বরিশালে শিগিগরই শুরু হতে যাচ্ছে অ্যান্টিজেন পদ্ধতিতে করোনার নমুনা পরীক্ষা। এ লক্ষ্যে উপজেলা স্বাস্থ্যকর্মীদের অ্যান্টিজেন পরীক্ষার প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সিভিল সার্জন কার্যালয়। অ্যান্টিজেন পরীক্ষার জন্য ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বরিশাল জেলার জন্য ৪ হাজার ৫০০ কিট পাঠানো হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, অ্যান্টিজেন পদ্ধতিতে কম সময়ে করোনা পরীক্ষা করা সম্ভব। এর আগে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাবের মাধ্যমে পরীক্ষাগারে নমুনা দিয়ে এক দিন পর করোনা পরীক্ষার ফলাফল পাওয়া যেত। তবে অ্যান্টিজেন দিয়ে পরীক্ষার মাধ্যমে ১৫-৩০ মিনিটের মধ্যে করোনা পরীক্ষার ফল জানা যাবে। এখন বরিশাল মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাবের মাধ্যমে করোনা পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি অ্যান্টিজেন পদ্ধতিতে পরীক্ষা শুরু হলে করোনা উপসর্গ থাকা আরো বেশী ব্যক্তিদের নমুনা পরীক্ষা সম্ভব হবে। বিশেষ করে বিদেশগামী যাত্রীরা উপকৃত হবেন। তারা দ্রুত ও সহজে করোনা পরীক্ষার রিপোর্ট পাবেন।
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাব প্রধান ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম আকবর কবির জানান, বরিশাল জেলা ছাড়াও বিভাগের পাঁচ জেলা থেকে করোনার উপসর্গ থাকা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। বর্তমানে প্রতিদিন গড়ে ২০০-২২০ নমুনা পরীক্ষার জন্য আসছে। আর আরটি-পিসিআর মেশিনে প্রতিদিন ১৮৮টি নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে। ফলে এক দিনে সব নমুনা পরীক্ষা সম্ভব হচ্ছিল না। অ্যান্টিজেন পদ্ধতিতে করোনার নমুনা পরীক্ষা শুরু হলে আরটি-পিসিআর ল্যাবের ওপর কিছুটা চাপ কমবে। পাশাপাশি নমুনা পরীক্ষার সংখ্যাও বাড়বে। অ্যান্টিজেন পদ্ধতিতে বিদেশগামী যাত্রীরাও দ্রুত ও সহজে রিপোর্ট পাবেন বলে আশা করেন ডা. আকবর কবির।
