মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী মিঠাছড়া বাজারের বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা বেহাল। বাজারের সব আবর্জনা ফেলা হয় মাছ বাজারের পূর্ব পাশে মহামায়া ছড়ায়। এসব আবর্জনা পঁচে প্রতিনিয়তই ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে বাজারের আসা ক্রেতা, বিক্রেতা ও পথচারীদের। গত শনিবার সরেজমিনে মিঠাছড়া বাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়। ক্রেতা খুরশিদ ও সাইফুল বলেন, আবর্জনার দুর্গন্ধে বাজারে টেকা দায়। মাছবাজারের আড়তদার রতন কুমার দাশ বলেন, অবিলম্বে আমরা এর প্রতিকার চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান বলেন, ঐ স্থানটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
