বরিশাল আইন কলেজের নাম পরিবর্তন হয়েছে

আপডেট : ১৯ মার্চ ২০২১, ২১:৪৩

বরিশাল অফিস

বরিশাল আইন কলেজের (ল’কলেজ) নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নামকরণ করা হয়েছে ‘শহিদ অ্যাডভোকেট আবদুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৯২তম সভায় নতুন নামকরণ অনুমোদিত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অফিস আদেশ বরিশাল আইন কলেজের অধ্যক্ষের কাছে পৌঁছে। এতে নাম পরিবর্তন বাবদ ৫ লাখ টাকা ফি সোনালি সেবার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর জমা দিতে বলা হয়েছে।

বরিশাল আইন কলেজের উপাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম জানান, নাম পরিবর্তন সংক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠি তারা পেয়েছেন। এখন সোনালি সেবার মাধ্যমে নির্ধারিত ফি জমা দেওয়া হবে। এরপর কলেজ ব্যবস্থাপনা কমিটির সভায় নাম পরিবর্তন রেজুলেশন হবে। তারপরও কলেজের সাইনবোর্ডসহ যাবতীয় কার্যক্রমে নতুন নামকরণ করা হবে। তিনি জানান, ১৯৬৩ সালে বরিশাল আইন কলেজ প্রতিষ্ঠিত হয়। এটি দেশের অন্যতম প্রাচীন আইন কলেজ। বর্তমানে এই কলেজে অধ্যয়ন করছে ২ হাজারেরও বেশি শিক্ষার্থী। শিক্ষার্থীর দিক থেকে বরিশাল আইন কলেজ দেশের সবচেয়ে বড় বলে জানিয়েছেন তিনি।