সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান চালিয়ে সিলগালা ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার টিআর রোডে মেসার্স হামিদুল ট্রেডার্স নামের একটি কারখানায় এ অভিযান পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মমতা সাহা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম জানান, হামিদুর ট্রেডার্সের মালিক হামিদুল ইসলাম বেশ কয়েক মাস ধরে নকল সার ও কীটনাশক তৈরি এবং বাজারজাত করে আসছিলেন। গোপন খবরের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জিপসাম, ক্যালসিয়াম, সালফারসহ বিভিন্ন সার নকল করে প্যাকেটজাত করার অপরাধে ঐ জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়েছে।
